সালমান আগার সঙ্গে বিবাদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পাকিস্তানের কোচ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠার লক্ষ্যে গ্রুপপর্বের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয় প্রয়োজন ছিল পাকিস্তানের। নইলে পড়তে হতো সমীকরণের মারপ্যাঁচে। ১০২ রানের বড় ব্যবধানে জিতে সালমান আলি আগার দল শেষ আটে পা রাখে। কিন্তু সেই ম্যাচের একপর্যায়ে পাক অধিনায়ক সালমান ও প্রধান কোচ মাইক হেসনের মাঝে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বলে আলোচনা ওঠে। দুজনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

জানা গেছে, নামিবিয়া ম্যাচে ২৩ বলে ৩৮ রান করে আউট হন সালমান। এরপরই কোচের সঙ্গে আলোচিত ওই দৃশ্য ধরা পড়েছে। ডাগআউটে ফেরার পর কোচের সঙ্গে কথা বলার একপর্যায়ে রাগে মাটিতে বোতল ছুড়ে মারেন পাকিস্তানি অধিনায়ক। যা দেখে দুজনের বাদানুবাদ হয়েছে বলে ধরে নেন নেটিজেনরা। মনে করা হচ্ছিল বাবর আজমের ব্যাটিং পজিশন নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছিল। ৪ নম্বরে নামিয়ে দেওয়া হয়েছিল সাবেক এই অধিনায়ককে। যদিও নামিবিয়া ম্যাচে তার আর মাঠে নামা হয়নি।

আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের সুপার এইট রাউন্ড। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে লড়বে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়কের সঙ্গে বিবাদের বিষয়ে জানতে চাওয়া হয় পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনের কাছে। জবাবে মানুষ ভুল ধারণা করছে বলে জানালেন তিনি, ‘আমাকে ভিডিওটি পাঠানো হয়েছে এবং আপনারা আসলেই ভুলের মধ্যে আছেন। কী ঘটেছিল তা বলছি, সালমানের কাছে গিয়ে আমি কথা বলছিলাম এবং তখন বাঁ–হাতি ব্যাটার মোহাম্মদ নেওয়াজ মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু আগা হতাশ ছিল ওই মুহুর্তে আউট হওয়ায়। তাই হাতে থাকা বোতল মাটিতে ছুড়ে মারে। এর সঙ্গে আমাদের আলাপের কোনো সম্পর্ক নেই।’

মূলত নেওয়াজকে প্রাথমিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল– ওই সময় যেহেতু বাঁ-হাতি বোলারের স্পেল চলছে, যাতে তিনি ক্রিজে যান। কিন্তু ওই স্পেল শেষ হয়ে যাওয়ায় ৫ নম্বরে পাঠানো হয় শাদাব খানকে। সেই ব্যাখ্যা দিয়ে হেসন বলেন, ‘যেহেতু বাঁ-হাতি স্পিনারের ওভার শেষ, আমরা শাদাবকে নিয়ে কথা বলছিলাম। নেওয়াজের বদলে যাতে সে ব্যাট করতে যায়। অর্থাৎ, খুবই স্বাভাবিক কথাবার্তা ছিল সেটি। এমনকি সে (সালমান) এটির অংশও ছিল না। কিন্তু নিজের আউট নিয়ে হতাশ ছিল, দুটি মুহূর্তই কাছাকাছি সময়ে সৃষ্টি হয়। আশ্চর্যজনক বিষয় মানুষ কী কী ব্যাখ্যা দাঁড় করায়।’

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে একই গ্রুপে পড়েছিল পাকিস্তান। সেই ম্যাচে একপেশে লড়াইয়ের পর হেরে যায় সালমান আগার দল। তবে বাকি তিন ম্যাচে জিতে তারা সুপার এইটে উঠেছে। যেখানে তাদের তিনটি ম্যাচ খেলতে হবে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে পাকিস্তান।

পাঠকের মন্তব্য