হাঁটুর চোটে বিশ্বকাপে খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তারকার
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৪ মার্চ, ২০২৬
যেকোনো ফুটবলারের কাছেই বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে পারাটা স্বপ্ন। নিজেকে মেলে ধরার সবচেয়ে বড় সুযোগ পাওয়া যায় চার বছরে একবার হওয়া এই বিশ্বকাপেই। কিন্তু গুরুতর হাঁটুর চোটে সেই স্বপ্ন ভেঙে গেল ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গোয়েসের।
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড আবেগঘন এক বার্তায় নিজেই দুঃসংবাদটি তার ভক্তদের জানিয়েছেন। চলতি মৌসুমের বাকি সময়ের পাশাপাশি আসন্ন বিশ্বকাপেও তিনি খেলতে পারবেন না।
ক্লাব সূত্রে জানানো হয়, রদ্রিগোর ডান হাঁটুর এসিএল ছিঁড়ে গেছে এবং মেনিস্কাসেও ক্ষতি হয়েছে। যার ফলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার আশঙ্কা তৈরি হয়, আর বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়। চোটের খবর প্রকাশের অল্প সময় পরই সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
তিনি লেখেন, এটি তার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর একটি। এমন চোটের আশঙ্কা তিনি সবসময়ই করতেন। সাম্প্রতিক সময়ে জীবন তার প্রতি কিছুটা কঠোর আচরণ করেছে বলেও উল্লেখ করেন তিনি। তবে হতাশার মাঝেও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জীবনে অনেক অসাধারণ মুহূর্ত তিনি পেয়েছেন, যা হয়ত তার প্রাপ্যের চেয়েও বেশি।
রদ্রিগো জানান, এই চোট তার ক্যারিয়ার ও জীবনে বড় বাধা হয়ে এসেছে। কিছু সময়ের জন্য তিনি তার সবচেয়ে প্রিয় কাজ; অর্থাৎ ‘ফুটবল’ থেকে দূরে থাকবেন। ক্লাবের হয়ে মৌসুমের বাকি ম্যাচগুলো এবং দেশের হয়ে বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপও তার কথায় স্পষ্ট। বিশ্বকাপ যে তার কাছে কতটা গুরুত্বপূর্ণ স্বপ্ন ছিল, সেটিও তুলে ধরেন তিনি।
সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে রদ্রিগো প্রতিশ্রুতি দেন, তিনি থেমে থাকবেন না। কঠিন সময় পার করে আরও শক্তভাবে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। তার বিশ্বাস, সামনে আরও অনেক সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে এবং যারা তার ওপর আস্থা রাখেন, তাদের তিনি আনন্দ দিতে পারবেন।
২০১৯ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর নিয়মিত খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন রদ্রিগো। ২০২২ সালের কাতার বিশ্বকাপে অংশ নেওয়ার পর আসন্ন আসরেও তিনি কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় ছিলেন। তবে আকস্মিক এই হাঁটুর চোট তার টানা দ্বিতীয় বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে দিল।