গান নিয়ে বিপাকে, র‍্যাপার বাদশাকে খুঁজছে পুলিশ

জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশার বিরুদ্ধে অশ্লীল ও আপত্তিকর গান তৈরির অভিযোগে লুকআউট নোটিশ জারি করেছে হরিয়ানা পুলিশ। তার গাওয়া ‘টাটিরি’ নামক একটি হরিয়ানভি মিউজিক ভিডিওতে নারী শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও দৃশ্য প্রদর্শনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।  

ভারতের হরিয়ানা পুলিশের পক্ষ থেকে তাকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো সময় তিনি গ্রেপ্তার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, বাদশার নতুন গান ‘টাটিরি’ নিয়ে বিতর্কের সূত্রপাত। গানটির ভিডিওতে স্কুল ইউনিফর্ম পরা মেয়েদের ব্যাগ কাঁধ থেকে নামিয়ে আপত্তিকর ভঙ্গিতে নাচতে দেখা গেছে। অভিযোগকারীদের দাবি, এই ধরনের দৃশ্য সমাজে ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে। এই ঘটনায় গত শুক্রবার হরিয়ানার পঞ্চকুলা সেক্টর-২০ সাইবার ক্রাইম থানায় অভয় চৌধুরী নামে এক ব্যক্তি প্রথম অভিযোগ দায়ের করেন। 

এছাড়া হরিয়ানা মহিলা কমিশনও গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। তাদের মতে, গানটি ভারতীয় সংস্কৃতি ও শালীনতার পরিপন্থী। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে বিতর্কিত এই গানটি সরিয়ে নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, বাদশার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬সহ সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। আগামী ১৩ মার্চ সকাল ১১টায় পানিপথের ডিসি অফিসে এই মামলার শুনানির জন্য তাকে তলব করা হয়েছে। এর আগেই পুলিশ তার দেশত্যাগে বাধা দিতে বা অবস্থান নিশ্চিত করতে লুকআউট নোটিশ জারি করল।

পাঠকের মন্তব্য