সফল নারী পেশাজীবীদের অংশগ্রহণে ইস্টার্ন ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৯ মার্চ, ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ঢাকায় তাদের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করেছে। অনুষ্ঠানে কর্মক্ষেত্র ও সমাজে নারীদের সাফল্য, নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ অবদানকে সম্মাননা জানানো হয়। ব্যাংকের বিভিন্ন স্তরের নারী এমপ্লয়ীরা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এছাড়াও চারজন বিশিষ্ট নারী পেশাজীবী অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা শেয়ার করেন। তারা হলেনঃ প্যারাগন গ্রুপের চেয়ারম্যান ইয়াসমিন রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন শুমেইলা হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
প্যারাগন গ্রুপের চেয়ারম্যান ইয়াসমিন রহমান ইবিএলের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “যোগ্য নারী পেশাজীবীদের গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব অর্পণ করার ক্ষেত্রে ইবিএল এর প্রচেষ্টা প্রশংসনীয়। নারী ব্যাংকাররা নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারেন এমন একটি পরিবেশ এবং সুযোগ তৈরি করার জন্য ব্যাংকের ম্যানেজমেন্ট অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এজাতীয় উদ্যোগ অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি কর্পোরেট কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন শুমেইলা হোসেন বলেন, “পরিবার, কাজ এবং অন্যদের সময় দেয়ার মতো, নিজেকে সময় দেওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ।”
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী কর্মক্ষেত্রে নারীদের নিষ্ঠার কথা তুলে ধরে বলেন, “আমাদের কারখানার কর্মীদের ৪৫ শতাংশই নারী, যা আমাদের জন্য নিঃসন্দেহে গর্বের। তারা দায়িত্ব পালনে অত্যন্ত আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। কাজে মনোযোগ ধরে রাখার অসাধারণ ক্ষমতা রয়েছে তাদের।”
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বাংলাদেশে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনায় নারীদের উপস্থিতি এখনও অনেক কম। এই স্তরে নারীদের অংশগ্রহণ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আরও বেশি নারী যদি এই পর্যায়ে যুক্ত হয়ে সফল হন, তবে তা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং দেশের কর্মশক্তিকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য অংশগ্রহণকারী ইবিএল নারী এমপ্লয়ীদের ব্যাক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে বিশেষভাবে অনুপ্রানিত করে।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, “ইবিএল লিঙ্গ সমতায় বিশ্বাস করে এবং প্রতিষ্ঠানের সর্বস্তরে নারীদের নেতৃত্বকে শক্তিশালী করার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। নারীরা প্রতিটি বিভাগেই সক্রিয়ভাবে অবদান রাখছেন এবং অনেকেই গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করছেন। আমরা এই অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি আরও এগিয়ে নিয়ে যাব, যাতে নারীরা পেশায় উন্নতি করতে পারেন এবং নেতৃত্ব প্রদানের মাধ্যমে ব্যাংকের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হন।”
নারী সহকর্মীরাও ইবিএলের প্রগতিশীল সংস্কৃতির প্রশংসা করেন, যা নারীদের নেতৃত্ব গ্রহন এবং পেশাদারিত্বের সঙ্গে নিজেদের সক্ষমতা প্রদর্শনে উৎসাহিত করে।
একটি প্রাণবন্ত মতবিনিময় সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় ইস্টার্ন ব্যাংকের সাফল্যের পেছনে ব্যাংকের নারী সহকর্মীদের অবদানকে আন্তরিকভাবে স্বীকৃতি জানানো হয়।