ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

ঈদের আগে শেষ কার্যদিবস সোমবার (১৬ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবগুলো মূল্যসূচক উত্থান হয়েছে। তবে এক্সচেঞ্জটিতে দিনের ব্যবধানে আজ লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেনের শুরুতেই ডিএসইতে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বাড়তে দেখা যায়। দরবৃদ্ধির এই ধারা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এতে দিনশেষে ডিএসইতে ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৩টির। আর ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে। 

ঈদের আগে শেষ কার্যদিবসে দরবৃদ্ধির তালিকা লম্বা হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৪ পয়েন্টে উঠেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২ পয়েন্টে অবস্থান নিয়েছে।

ডিএসইতে আজ মোট ৪৬০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৫২৩ কোটি ৫৫ লাখ টাকার সিকিউরিটিজ। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ৬৩ কোটি ২৪ লাখ টাকা।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩০ পয়েন্টে উঠেছে। এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক ১৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান নিয়েছে।

সিএসইর লেনদেনে অংশ নেওয়া ১৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ৮৯টির দাম বেড়েছে। কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গতকাল লেনদেন হয়েছিল ৩৫ কোটি ১৩ লাখ টাকার সিকিউরিটিজ। 

প্রসঙ্গত, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ছুটি। এই ছুটির মধ্যে শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ৭ দিনের ছুটি শেষে আগামী ২৪ মার্চ শেয়ারবাজারে আবার লেনদেন শুরু হবে।

পাঠকের মন্তব্য