মা ও শিশুর স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নে রেড ক্রিসেন্ট সোসাইটিকে সহায়তা করবে ইবিএল

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে দেশের বিভিন্ন স্থানে নির্বাচিত মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের কার্যকারিতা উন্নয়নে সহায়তা করবে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠিত উভয় পক্ষ এদতসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

এই উদ্যোগের অধীনে, দেশের গ্রামীণ, প্রত্যন্ত এবং দুর্যোগপ্রবণ এলাকা যেখানে মানসম্পন্ন স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ রয়েছে এমন স্থানে রেড ক্রিসেন্ট পরিচালিত  চারটি গ্রামীণ মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে সেবার মান উন্নয়ন করা হবে।  এই কেন্দ্রগুলো কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং দিনাজপুরে অবস্থিত।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উদ্যোগ সহায়তা হিসেবে ইবিএল প্রশাসন বিভাগ প্রধান মেজর মো. আব্দুস সালাম, পিএসসি (অব.) একটি চেক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ডঃ কবির এম. আশরাফ আলম, এনডিসি-কে হস্তান্তর করেন।

“মা ও শিশুর স্বাস্থ্যসেবার  মান উন্নয়ন” শীর্ষক এই উদ্যোগটি ১২ মাস ধরে চলমান থাকবে এবং এতে প্রায় ১৫,০০০  মা, শিশু এবং বয়স্ক মানুষ উপকৃত হবে। উদ্যোগটির অধীনে কেন্দ্রগুলোর অবকাঠামো সংস্কার, উন্নত স্যানিটেশন ও পানি সুবিধা নিশ্চিতকরন, প্রয়োজনীয় ডায়াগনস্টিক যন্ত্রপাতি স্থাপন এবং যোগ্য  সাধারণ চিকিৎসক ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের দ্বারা নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হবে।

চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক সম্পর্ক, যোগাযোগ ও তহবিল সংগ্রহ বিভাগের পরিচালক আরিফা মেহেরা সিনহা এবং ব্লাড প্রোগ্রামের পরিচালক ডঃ শাহানা জাফরসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সারা দেশে ৫৬টি মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনা করছে, যার মাধ্যমে বছরে প্রায় ১৪ লাখ মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।

পাঠকের মন্তব্য